মালদা

টিউশন পরতে গিয়ে নিখোঁজ দশম শ্রেণীর ছাত্রী, ৬ দিন পর মৃতদেহ উদ্ধার লিচু বাগান থেকে

কালিয়াচক থানার অন্তর্গত জালালপুরের বালুয়াচারা গ্রামের হাফিজুদ্দিন শেখের মেয়ে রুবি খাতুন(১৬)। জানা গিয়েছে, গত মঙ্গলবার থেকে রুবি খাতুন নিখোঁজ ছিল। সে জালালপুরের ফতেকখানি হাই মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রী ছিল। এদিন টিউশন পর বাড়ি থেকে বেড়ায় সে। এরপর আর বাড়ি ফেরেনি। পরিবারের সকলেই তাকে খোঁজাখুঁজি করলেও তাকে পাওয়া যায়নি। 

        
        রবিবার সকালে জালালপুরের ডাঙায় এক লিচু বাগানের মধ্যে তার মৃতদেহ পরে থাকতে দেখা যায়। খবর জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। নিখোঁজ রুবি খাতুনের গলায় ফাঁস লাগানো অবস্থায় মাটিতে দেহ পরে থাকতে দেখা যায়। এরপর পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াচক থানার পুলিশ। তারা মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। কে না কারা এই ঘটনার সঙ্গে যুক্ত বা কারা এই কাণ্ড ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।